জাতীয় সোশ্যাল মিডিয়া ও সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠার দাবি
নিজস্ব সার্চ ইঞ্জিন ও সোশ্যাল মিডিয়া তৈরি করে দেশের ডিজিটাল আকাশ সুরক্ষার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞ পেশাজীবিরা। ফেক সনাক্তকরণ টুলস উদ্ভাবনের পাশাপাশি গুগল, ফেসবুক বাংলাদেশে প্রবেশের আগে এদের স্ক্রিনিং এর জন্য গেটওয়ে স্থাপনের পরামর্শ দেয়া হয়। এছাড়াও অপূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ১৮ বছর পর্যন্ত সকলের জন্য বিজ্ঞান, সাহিত্য, ইতিহাস ও দর্শন শিক্ষা বাধ্যতামূলক করার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। দাবি জানানো হয়েছে, ফেক অ্যাকাউন্ট বন্ধে এনআইডি ব্যবহার এবং ফেসবুক ও গুগল এর মতো প্রতিষ্ঠানের ঢাকায় অফিস স্থাপনের।
রোববার (২১ জুন) ‘ভুল তথ্য ঠোকানো’ নিয়ে আয়োজিত অনলাইন বৈঠকে এসব পরামর্শ দেন বক্তারা। ভার্চুয়াল এ আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশী সার্চ ইঞ্জিন পিপিলিকার প্রতিষ্ঠাতা গবেষক এবং যুক্তরাষ্ট্রের ফরধাম ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহেযোগী অধ্যাপক ড. মোহাম্মাদ রুহুল আমিন।
আলোচনায় অংশ নেন অভিনেতা চঞ্চল চৌধুরী, মেহজাবিন চৌধুরী,একাত্তর টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সিনিয়র সাংবাদিক মোজাম্মেল বাবু, অধ্যাপক জাফর ইকবাল, হটালাইন সেবা ৯৯৯ এর প্রধান ও ডিআইজি তবারক উল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
আইসিটি সিনিয়র সচিব এনএম জিয়াউল আলমের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
অনলাইন আলোচনাটি সঞ্চালনা করেন এমসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশ্রাফ আবির।
আলোচনায় অসত্য, ভুয়া খবর রটনা রোধে বিদ্যমান ডিজিটাল সুরক্ষা আইন ব্যবহারে সরকারকে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, শুধু সরকারি বিষয়ে নয়; সাধারণ মানুষও যেন আক্রান্ত হলে দ্রুত বিচার পান তাহলে বিষয়টি নিয়ন্ত্রণে আনা সম্ভব। এছাড়াও ৯৯৯ সেবায় ফোন করার ক্ষেত্রে কলার আইডি ও লোকেশন সনাক্তের উদ্যোগ গ্রহণের বিষয় উঠে এসেছে।